তিতাস একটি নদীর নাম : আঞ্চলিক জীবনের রূপায়ণ
Abstract
বাংলা সাহিত্যাঙ্গনে নদী এবং নদী-তীরবর্তী জনপদ অবলম্বনে উপন্যাস-রচনার সূত্রপাত ভারত-বিভাগের পূর্ব পর্যায়ে। বিভাগোত্তরকালে নদীবাহিত বিভিন্ন অঞ্চলের সংগ্রামশীল মানুষের জীবনযাপন পদ্ধতিকে শিল্প-অন্তর্গত করে যাঁরা উপন্যাস রচনায় অগ্রসর ভূমিকা পালন করেছিলেন তাঁদের প্রেরণার উৎস ছিলেন কাজী আবদুল ওদুদ (১৮৯৪-১৯৭০), হুমায়ুন কবির (১৯০৬-১৯৬৯), তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮-১৯৭১) এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের (১৯০৮-১৯৫৬) মতো জীবনাগ্রহী মানবতাবাদী শিল্পী-ঔপন্যাসিক। কাজী আবদুল ওদুদের নদীবক্ষে (১৯১৯) কিংবা হুমায়ুন কবিরের নদী ও নারী (১৯৪৫) আঞ্চলিক জীবনভিত্তিক না-হলেও নদীকেন্দ্রিক জীবন নিয়ে উপন্যাস-রচনায় তাঁদের আগ্রহ স্বাধীনতা-উত্তর শিল্পী-মানসকে করেছে প্রভাবিত। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি (১৯৩৬) আঞ্চলিক জীবনভিত্তিক একটি উপন্যাস। পদ্মা-তীরবর্তী কেতুপুরের অভাবগ্রস্ত সংগ্রামশীল অস্পৃশ্য ধীবর-সম্প্রদায়কে শিল্প-অন্তর্গত করে এ-উপন্যাস রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। বিভাগপূর্ব পর্যায়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নদী-তীরবর্তী অঞ্চল অবলম্বনে রচনা করেছেন কালিন্দী (১৯৪০) এবং হাঁসুলী বাঁকের উপকথা (১৯৪৭)। কালিন্দী নদী-তীরবর্তী বিপুল মানুষের ভাঙা-গড়া, উত্থান-পতন, সংগ্রাম-সংক্ষোভের বিশ্বস্ত বর্ণনায় কালিন্দী হয়ে উঠেছে বীরভূমের একটি নির্দিষ্ট অঞ্চলের জীবনকথা। হাঁসুলী বাঁকের উপকথায় শব্দরূপ পেয়েছে হাঁসুলী বাঁকের লোকায়ত মানুষের বহুবর্ণিল জীবনচিত্র। বিভাগোত্তর কালপ্রবাহে বাংলাদেশের ঔপন্যাসিকগণ নদী-তীরবর্তী অঞ্চল নিয়ে রচনা করেছেন সীমিতসংখ্যক উপন্যাস। বলাবাহুল্য, সময়ের সুস্পষ্ট ব্যবধান সত্ত্বেও এ-পর্যায়ের ঔপন্যাসিকদের অনেকেই তিরিশোত্তর শিল্পবোধকে স্পর্শ করতে সক্ষম হন নি। জীবন এবং জীবন-পরিপ্রেক্ষিত অনুধাবন ও বিশ্লেষণে তাঁরা যতটুকু ছিলেন উচ্ছ্বাস-আক্রান্ত, ঠিক ততটুকু ছিলেন অভিজ্ঞতা-বর্জিত তবু এ-পর্বে আমাদের ঔপন্যাসিকদের চেতনালোক যে স্পষ্টতই পরীক্ষাপ্রবণ হয়ে উঠেছে তা নির্দ্বিধায় বলা যায়। এ-পর্যায়ে বাংলাদেশের প্রধান-প্রধান নদীকে শিরোনামরূপে ব্যবহার করে যে কয়টি উপন্যাস রচিত হয়েছে, সেগুলোর মধ্যে অদ্বৈত মল্লবর্মণের (১৯১৪-১৯৫১) তিতাস একটি নদীর নাম (১৯৫৬) বিষয়গৌরবে নিঃসন্দেহে সমৃদ্ধ।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1999 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.