বাংলা ব্যাকরণ প্রসঙ্গে রবীন্দ্রনাথ : তাৎপর্য ও প্রাসঙ্গিকতা
Abstract
বাংলা ব্যাকরণের যে ছাঁচটি গত প্রায় দুশো বছর ধরে চর্চিত হচ্ছে, তার সূচনা হয়েছিল ঔপনিবেশিক শাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। ফারসি ও ইংরেজির মাঝে রাষ্ট্রভাষা হিসাবে বাংলা চালুর একটা চিন্তাভাবনা শাসকপক্ষ করেছিল। কিন্তু বিদেশিদের জন্য সুবিধাজনক ‘প্রমিত' রূপ বাংলার ছিল না। বাংলার ঔপভাষিক বৈচিত্র্য স্বভাবতই তাঁদের কাছে বিব্রতকর ছিল। এমতাবস্থায় সংস্কৃতের ছাঁচে বাংলা ভাষার একটা মান্যরূপ তৈরির প্রকল্প বিদেশি শাসকদের জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছিল। হ্যালহেডের বাংলা ব্যাকরণ সেই প্রয়োজনীয়তারই বাস্তবায়ন ।
হ্যালহেডই তাঁর ক্লাসিক-নির্ভরতা আর ভাষাতাত্ত্বিক দক্ষতায় এই পথের দিশা দিয়েছিলেন। মোহাম্মদ আবদুল কাইউম (Qayyum 1982 : 71) বহু সাক্ষ্যপ্রমাণযোগে দেখিয়েছেন, বাংলা ভাষায় হ্যালহেডের দখল ছিল অতি সীমিত। তাঁর পক্ষে বাংলা ব্যাকরণ লিখে ফেলা সম্ভব ছিল কেবল ধ্রুপদী সংস্কৃতের ছাঁচে ফেলে।' তিনি চেয়েছিলেন, বাংলাকে ‘সরল' ও 'বিশুদ্ধ' করতে। একজন বিভাষীর জন্য এই সারল্য দরকার। কিছু সরল ধাতু শিখে তাদের বিচিত্র ব্যবহার দ্বারা মনের ভাব প্রকাশের উপযোগী করে একটি বিদেশি ভাষা আয়ত্ত করার চিন্তায় হ্যালহেডের সায় থাকাই স্বাভাবিক। কিন্তু কথ্য বাংলায় কোনো দখল না থাকায় এবং ব্রাহ্মণ পণ্ডিতের উপর পুরোপুরি নির্ভরশীল থাকায় বাংলার বৈশিষ্ট্য ব্যাখ্যার ক্ষেত্রে তিনি এমনসব ভুল করেছেন, যা বাংলার সঙ্গে পরিচিত কোনো বিশ্লেষক করবেন না ( Qayyum 1982 99-102 )। তাঁর পুস্তকে প্রচলিত ভাষা থেকে সংগৃহীত কোনো উদাহরণ ব্যবহৃত হয়নি। তিনি উদাহরণ সংগ্রহ করেছেন পুরোনো কবিতা থেকে। ফলে তিনি কর্ম-ক্রিয়া-কর্তা এই ক্রমে বাংলা বাক্য গঠিত হয়, এমন ভুল সিদ্ধান্তে পৌঁছেছেন। এ ব্যাকরণে 'নিঃশ্বাস' শব্দের উচ্চারণ লেখা হয়েছে 'niswas', যা বাংলা উচ্চারণ ও ধ্বনির সঙ্গে সংগতিপূর্ণ নয়। ই/ঈ, উ/ঊ, স/ষ/শ, জ/য ইত্যাদি যত ক্ষেত্রে বাংলার ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন সংস্কৃত থেকে বাংলাকে আলাদা করেছে, তার সবক্ষেত্রেই এই ব্যাকরণ সংস্কৃত উচ্চারণকেই বাংলা উচ্চারণ বলে উল্লেখ করেছে। শুধু তাই নয় । শব্দগত যেসব উপাদানের সঙ্গে সংস্কৃতের যোগ পাওয়া যায়নি সেগুলোকে বাংলা থেকে বাতিলও করে দিয়েছেন তিনি। নিজের ব্যবহারের জন্য বানানো ফারসি-বাংলা শব্দকোষে হ্যালহেড ১৫০টি ক্রিয়াপদ সংগ্রহ করেছিলেন। এর মধ্যে মাত্র ৩২টি স্থান পেয়েছে তাঁর ব্যাকরণে। সন্দেহ নেই, সংস্কৃতের সঙ্গে সম্পর্ক না থাকায় এই বিপুলসংখ্যক ক্রিয়াপদ পরিত্যক্ত হয়েছে ।
Downloads
Downloads