রঙ্গপুর-সাহিত্য পরিষৎ পত্রিকা: উত্তরবঙ্গের প্রথম গবেষণাপত্র (১৩১৩-১৩৪৫)
Abstract
১৩১২ বঙ্গাব্দের ১৯ই বৈশাখ বঙ্গীয় সাহিত্য পরিষদের শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয় রঙ্গপুর সাহিত্য পরিষৎ। রংপুর কুণ্ডী-সদ্যপুস্করণীর জমিদার সুরেন্দ্রচন্দ্র রায় চৌধুরী পরিষদের সম্পাদক পদে বৃত হন। বঙ্গীয় সাহিত্য পরিষদের শাখা- পর্ষদগুলির মধ্যে রঙ্গপুর শাখাই সম্ভবত সর্বপ্রাচীন। পরিষৎ দুষ্প্রাপ্য পুথি সংগ্রহ, প্রত্নবস্তু সংগ্রহ, গবেষণামূলক গ্রন্থাদি প্রকাশ, মাসিক সাহিত্য অধিবেশন অনুষ্ঠান ইত্যাদি ব্যাপারে তৎপর হয়। পর বছর ১৩১৩ বঙ্গাব্দের আশ্বিন মাসে রঙ্গপুর সাহিত্য পরিষদের মুখপত্র হিসেবে ত্রৈমাসিক রঙ্গপুর সাহিত্য পরিষৎ পত্রিকা প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়। পত্রিকার প্রথম সম্পাদক বা পত্রিকাধ্যক্ষ মনোনীত হন পঞ্চানন সরকার। পত্রিকা পরিচালনা এবং গ্রন্থ প্রকাশের জন্য ১৩১৫ বঙ্গাব্দে অক্ষয়কুমার মৈত্রেয়কে সভাপতি করে ‘গ্রন্থ ও পত্রিকা প্রকাশ সমিতি' গঠন করা হয়। ইতিহাস পর্যালোচনা করলে লক্ষ্য করা যায় যে, কলকাতার বাইরে সমগ্র বঙ্গদেশে রঙ্গপুর সাহিত্য পরিষৎ পত্রিকাই প্রথম গবেষণা পত্রিকা – অর্থাৎ এটি বাংলা ভাষার দ্বিতীয় গবেষণা পত্রিকা। গবেষণা পত্রিকা পরিচালনার জন্য যে অর্থবল, বিদ্বৎশক্তি এবং পরিচালনদক্ষতার প্রয়োজন হয় তা সেকালে কলকাতায় থাকলেও দেশের অন্যত্র তা সহজলভ্য ছিল না। রংপুরের মত মফস্বল শহর বা কুণ্ডীর মত গ্রাম থেকে একাজ করা ছিল দুর্লভ উৎসাহ, মাতৃভাষা প্রীতি ও উৎসর্গীত কর্মীর প্রয়াসের ফল।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1993 সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.