বাংলা ভাষার ব্যাকরণ।
Abstract
বিশ্বের সর্বাধিক প্রচারিত বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা যখন একের পর এক ব্যবহারবিধি-গ্রন্থমালা প্রকাশ করে, তখন সন্দেহ থাকে না যে এ উদ্যোগ কেবল ঐ পত্রিকার সাংবাদিক বা পাঠকদের জন্যে নয়, বরং বাংলা ভাষার লিখিত রূপের মধ্যে শৃঙ্খলা সন্ধানের জন্যেই করা হচ্ছে। প্রশ্ন উঠতে পারে কাজটা কি কোনো সংবাদপত্রের, না বাংলা একাডেমী নামে প্রতিষ্ঠিত ঢাকা ও কলকাতার দুটি সরকারী সংস্থার, যার একটির বয়স চল্লিশ অপরটির বিশের অধিক? সম্ভবত বাংলা ভাষার প্রতি দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ। বাংলা ভাষা এখন আর অবিভক্ত ভারতের বাংলা নামক একটি প্রদেশের ভারনাকুলার বা আপামর সাধারণের' ভাষা নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্রের সরকারী ভাষা এবং অপর একটি স্বাধীন রাষ্ট্রের দুটি অঙ্গরাজ্য ছাড়াও একাধিক রাজ্যের অন্যতম প্রধান ভাষা । সর্বোপরি বিংশ শতাব্দীর শেষ দশকে বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসকারী বিপুল সংখ্যক বাঙালিরও ভাষা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম, বিহার, উড়িষ্যার বাংলা ভাষাভাষী বিপুল সংখ্যক অধিবাসীর মধ্যে বাংলা ভাষায় বহু পত্র-পত্রিকা প্রচলিত। ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অগণিত বাংলা ভাষাভাষীর মধ্যে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকার সংখ্যাও কম নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই সব দৈনিক, পাক্ষিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক পত্রিকার অধিকাংশই চলিত বাংলা ভাষার মাধ্যমে প্রকাশিত। বিংশ শতাব্দীর শেষপ্রান্তে এসে বাংলা ভাষাকে আর কোনোক্রমেই আঞ্চলিক ভাষা বলা যায় না, বাংলা ভাষা আজ যথার্থই একটি আন্তর্জাতিক ভাষা৷ বাংলাদেশের টেকনাফ থেকে পশ্চিম বাংলার মেদিনীপুর কিংবা আসামের কাছাড় থেকে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের সুন্দরবন এবং উপকূলীয় দ্বীপপুঞ্জে বসবাসকারী বিশ-পঁচিশ কোটি বাঙালির মুখের ভাষার আঞ্চলিক বৈচিত্র্য এতই গভীর ও ব্যাপক যে, এক বা একাধিক ষ্ট্যান্ডার্ড বা মান-ভাষা ছাড়া বোধগম্যতা শূন্য পর্যায়ে নেমে এলেও বিস্ময়ের কিছু থাকে না। এই বিপুল বৈচিত্র্যের অধিকারী বাংলা ভাষার আধুনিক লিখিতরূপের ঐক্য কম বিস্ময়কর নয়।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.