রাজা রামমোহন রায়ের ভাষা-ভাবনা ও ব্যাকরণ-ভাবনা
Abstract
আধুনিক ভারতের স্বপ্নদ্রষ্টা রাজা রামমোহন রায় মধ্যযুগের অন্তিমলগ্নে পরাধীন ভারতবর্ষে ১৭৭৪১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মাত্র ৫৯ বছর বয়সে ১৮৩৩ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এই স্বল্পায়ুর মধ্যেই বহু বিচিত্র প্রতিভার অমিত দ্যুতিতে তিনি আলোকিত করেছেন ভারতবর্ষকে। ধর্ম ও সমাজসংস্কারক এবং বাংলা গদ্যচর্চার অগ্রদূত হিসেবে সাধারণ্যে তাঁর প্রধান পরিচয় চিহ্নিত হবার কারণে তাঁর অন্যান্য বহু পরিচয় ব্যাপক জনগোষ্ঠীর কাছে রয়ে গেছে অনেকখানিই অজ্ঞাত। রাষ্ট্রচিন্তা, শিক্ষাচিন্তা, স্বাধিকার চেতনা ইত্যাকার বিষয়ে তাঁর মূল্যায়ন অধিকতর গবেষণার দাবী রাখে। ভাষা-ভাবনা ও ব্যাকরণ-ভাবনা সম্বন্ধেও এ কথা সমভাবে প্রযোজ্য। এ ভাবনা মূল্যায়নের অযথাযথতার কারণও দুর্লক্ষ্য নয়। প্রথমত রামমোহন শুধুমাত্র বৈয়াকরণই ছিলেন না, তিনি ছিলেন সত্যিকার অর্থেই বহু ভাষাবিদ পণ্ডিত। এমন একজন বৈয়াকরণ ও বহু ভাষাবিদের পাণ্ডিত্য সম্যক উপলব্ধির জন্যে যে পরিমাণ জ্ঞানের ভিত্তি প্রয়োজন তা সাম্প্রতিক কালের বহু ব্যক্তির মধ্যেই দুর্লভ বললে অত্যুক্তি হয় না। দ্বিতীয়ত এ সকল ভাষা-ভাবনা প্রতিফলিত হয়েছে তাঁর রচিত বিভিন্ন পুস্তক-পুস্তিকা, প্রবন্ধ, পত্রাবলী ও নানাজনের সাথে আলাপচারিতায়। রামমোহন রচনাবলী প্রকাশিত হলেও তাঁর সকল বক্তব্যই একটিমাত্র গ্রন্থেই সুসংগ্রথিত নয়। ইতস্তত বিক্ষিপ্ত বিভিন্ন গ্রন্থ- প্রবন্ধ থেকে জড় করে এ ভাবনাকে সংবদ্ধ করা যথেষ্ট দুরূহ। তৃতীয়ত রামমোহনের অনেক বক্তব্যই তাঁর কালের প্রতিনিধিত্ব করে। সুতরাং দেশ ও কালের প্রেক্ষাপটেই তাঁর রচনার মান বিচার্য। চতুর্থত তাঁর রচনার ভাষাগত দুর্বোধ্যতা। বাংলা, ইংরেজি, সংস্কৃতসহ বিভিন্ন ভাষায় তাঁর রচনা প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট ভাষায় দক্ষ না হলে একজন গবেষক তার পূর্ণাঙ্গ ভাবোপলব্ধিতে ব্যর্থ হবে। অধিকন্তু, তিনি যে গদ্যে বাংলা ভাষার গ্রন্থ-প্রবন্ধ লিখেছেন তা বাংলা গদ্যের উন্মেষকালের বলে কালগত বিচারে সর্বসাধারণের বোধগম্য নয়। তাঁর ভাষা-ভাবনা ও ব্যাকরণ-ভাবনার বিচার শুধুমাত্র উপর্যুক্ত প্রতিবন্ধকতা উত্তীর্ণ হয়েই সম্ভব।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.