বাংলাদেশের সাম্প্রতিক ছোটগল্পে মধ্যবিত্তজীবন : স্বরূপ উন্মোচন
Abstract
১৯৭১ সালে স্বাধীন একটি দেশ বাংলাদেশ, যার সুস্থ সাংস্কৃতিক রক্ত সঞ্চালন ব্যাহত হয় ক্রমবিরতি দিয়ে রাষ্ট্রনৈতিক কারণে। এখানে সামাজিক দ্বন্দ্বগুলো বিসর্পিল, বিশৃঙ্খল, জটিল এবং আপাত স্তব্ধতায় নিমজ্জিত ; বহুমাত্রিক জাতিক ও আন্তর্জাতিক সংঘর্ষে কাঙ্ক্ষিত রাষ্ট্র ও জাতিসত্তার ধারণাগুলো নিপতিত হয় পঙ্কিলতায়। “১৯৭১-৭৫ সময় কালকে বলা যেতে পারে সংগ্রাম ও স্বপ্নভঙ্গের কাল।” ১৯৭৩-৭৪ সালে বিশ্ব তেলসংকট ও বাজার অর্থনীতির অস্থিরতার সুযোগে “একাত্তরের পরাজিত শক্তি এবং আন্তর্জাতিক চক্রান্তের যৌথ প্রচেষ্টা নব্য স্বাধীন দেশের অস্থির আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনযন্ত্রকে বিপন্ন করতে অনেকাংশে সমর্থ হলো।” এক্ষেত্রে দেশের দুর্ভিক্ষ, হতাশাগ্রস্ত তরুণ সম্প্রদায়, শেখ মুজিবুর রহমান প্রবর্তিত একদলীয় শাসন সামগ্রিক অবনতিশীল পরিস্থিতিকে করেছে ত্বরান্বিত। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হন সামরিক আমলাতন্ত্রের প্রতিবিপ্লবী চক্রান্তে। ৩০ নভেম্বর ১৯৭৬ সালে মেজর জেনারেল জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম সামরিক শাসক হিসেবে ক্ষমতা দখল করেন এবং ১৯৮১ সালে অপর এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮২ সালে লে. জে. হুসেইন মুহম্মদ এরশাদ দ্বিতীয় সামরিক শাসক হিসেবে ক্ষমতা দখল করেন। সামরিক আমলাতন্ত্র সুস্থ সামাজিক সংগঠন ও নৈতিক ভিত্তিকে ভেঙে দিয়ে জনজীবনকে করে তোলে আতঙ্কগ্রস্ত ও অন্তর্মুখী আর এতে সর্বত্র সুবিধাবাদের দৌরাত্ম ছাড়পত্র পেয়ে যায়। মানবমূল্যবোধের যাবতীয় ধারণাগুলোকে অস্বচ্ছ করে দেয়া এবং ব্যক্তিকে সংঘবিচ্যুত বিচ্ছিন্ন মানুষে পরিণত করে দেয়ার জন্যে অর্থ ও অস্ত্র হয়ে ওঠে জটিল সরীসৃপ। এ-সময় আমাদের সমাজদেহ থেকে অপসৃত হতে থাকে মুক্তিযুদ্ধের চেতনাবোধ, গণতান্ত্রিক সংস্কৃতি, রাজনৈতিক রীতিনীতি এবং সমরাস্ত্র হলো আইন, শুরু হলো স্বাধীনতা বিরোধী শক্তির পুনরুত্থান; বদলে গেলো আমাদের জাতিসত্তার ধারণা এবং শুরু হলো সামন্ত-সংস্কারের পুনর্বিত্তার প্রয়াস। আকাঙ্ক্ষার পরিপন্থী এ-রাষ্ট্রযন্ত্র ও সামাজিক চার দেয়ালে জনতা বিভ্রান্ত রক্তাক্ত হতে বাধ্য, কেননা বারবার রাষ্ট্রীয় বিকৃতি সমাজদেহের পেশিকে করেছে শিথিল, বিষণ্ণ এবং জনতার সংগ্রাম ও সম্ভাবনায় সৃষ্টি হয়েছে দূরত্ব ; কখনো বৃত্তভাঙার সংগ্রামে তৈরি হয়েছে নতুনতর বৃত্ত। সচেতন যারা, দ্বৈরথে রক্তাক্ত, বিপন্ন এবং পরাজয়-ক্লিষ্টতায় বিচ্ছিন্ন। বাংলাদেশে সামরিক শাসন ও তার ছায়া-প্রসারিত যে বৃত্তবন্দী সময় অর্থাৎ মূলত আটের দশক ও তার পরবর্তীকালের ছোটগল্প নিয়ে বর্তমান কথকতা।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.