অসীম রায়ের উপন্যাস
Abstract
১৯৫৩ খ্রিস্টাব্দে প্রথম উপন্যাস প্রকাশের পর থেকে ১৯৮২ খ্রিস্টাব্দে তাঁর সর্বশেষ উপন্যাস প্রকাশ পর্যন্ত অসীম রায় (১৯২৭-১৯৮৬) একজন নিয়মিত লেখক। ১৯৬৭ পর্যন্ত শুধুই উপন্যাস লিখেছেন, যদিও তা সংখ্যায় বেশ কম এবং তারপর থেকে একনাগাড়ে গল্প ও উপন্যাস তাঁর কলমে সৃষ্টি হয়েছে। অসীম রায় রচিত উপন্যাসের মোট সংখ্যা নিয়ে সংশয় থাকলেও সেটি কমবেশি ষোল, যার মধ্যে আবার পাঁচটি গ্রন্থাকারে অপ্রকাশিত। মোট গল্প চৌষট্টিটি। ডায়েরি ও আত্মজীবনীমূলক দীর্ঘ রচনা অসীম রায়ের ডায়েরী, জার্নাল ও ধুলো ধোঁয়া নক্ষত্র ছাড়াও ১৯৮৬তে প্রবন্ধগ্রন্থ রবীন্দ্রনাথ ও তাঁর উত্তরাধিকার প্রকাশিত হয়। বাকি আর যে একটি পরিচয় রয়েছে অসীম রায়ের তা হলো তাঁর কাব্যকৃতি। সাহিত্যিক জীবন শুরুই হয়েছিল কবিতা দিয়ে। প্রথম প্রকাশিত গ্রন্থও কাব্য ফুটপাথে ফুলের গল্প (১৯৫০)। ১৯৭১-এ আর একটি কবিতার বই আমি হাঁটছি প্রকাশিত হয়। এতসব লেখালেখির পরও বাংলা উপন্যাসে অসীম রায়ের স্থান কোথায় তা নির্ধারণ বেশ কষ্টসাধ্য। তিনি সিরিয়াস লেখক হিসেবে জীবদ্দশাতেই পরিচিতি পেয়েছিলেন। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের প্রবাদপ্রতিম গ্রন্থ বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারার সৃজ্যমান উপন্যাস-সাহিত্য' অংশে তাঁর তৃতীয় উপন্যাসটি নিয়ে নাতিদীর্ঘ আলোচনাও অন্তর্ভুক্ত হয়েছিল। বাংলা উপন্যাস আলোচনায় আর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ সরোজ বন্দ্যোপাধ্যায়ের বাংলা উপন্যাসের কালান্তর-এ স্বাধীনতা-উত্তর বাংলা উপন্যাসের আলোচনায় বারবারই অসীম রায়ের প্রসঙ্গ উল্লিখিত হয়েছে। শাহীদা আখতারের পূর্ব ও পশ্চিম বাংলার উপন্যাস, বীরেন্দ্র দত্তের বাংলা কথাসাহিত্যের একাল এবং সত্য গুহের একালে গদ্য পদ্য আন্দোলনের দলিল অসীম রায়ের উপন্যাস প্রসঙ্গে সবিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ। এ সকল প্রসঙ্গের অবতারণা এ কারণে যে ভারত-বিভাগোত্তর বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক হিসেবে অসীম রায়ের নাম বারবার উচ্চারিত হলেও যেমন মৃত্যুর আগেও তাঁর গ্রন্থ বিশেষ বিকোয়নি?, মৃত্যুর পরেও পাঠকপ্রিয়তার (জনপ্রিয়তা তো দূরঅস্ত) প্রশ্নেও তাঁর সাফল্য ঘটেনি। অসীম রায়কে মূল্যায়ন করতে গিয়ে আমরা প্রধানত তাঁর একালের কথা, গোপালদেব, দ্বিতীয় জন্ম আবহমানকাল ও নবাববাদী উপন্যাসে আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.