মৃত্যুক্ষুধা উপন্যাসে নাগরিক লোকসংস্কৃতির স্বরূপ

DOI: https://doi.org/10.62328/sp.v57i3.3
Crossmark

Authors

  • তাশরিক-ই-হাবিব University of Dhaka Author

Abstract

কবি ও গীতিকার হিসেবে অতুলনীয় খ্যাতি ও মনস্বিতার অধিকারী বাংলা সাহিত্যের অবিস্মরণীয় ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম। তাঁর সৃষ্টিশীলতার গুরুত্বপূর্ণ নিদর্শনস্বরূপ বাংলার বহুবর্ণিল লোকসংস্কৃতিসমৃদ্ধ মৃত্যুক্ষুধা উপন্যাসটি প্রতিনিধিস্থানীয় মর্যাদায় অধিষ্ঠিত। এ উপন্যাসটি শুধু তাঁর শ্রেষ্ঠ উপন্যাসই নয়, বরং বাংলা উপন্যাসের ধারাতেও অনন্যসাধারণ সৃষ্টিকর্মের স্মারক। নজরুল ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত কৃষ্ণনগরের নাগরিক লোকসাংস্কৃতিক পরিমণ্ডলের চালচিত্রকে অকৃত্রিম আন্তরিকতা ও সতর্ক পর্যবেক্ষণসহ এতে রূপায়িত করেছেন। গত কয়েক দশকজুড়ে পাশ্চাত্যে ও সম্প্রতি বাংলাভাষী অঞ্চলে নাগরিক লোকসংস্কৃতি সম্পর্কে বিভিন্ন ধারণা, তত্ত্ব ও ভাবনার প্রবর্তন ঘটেছে। এ উপন্যাসে কৃষ্ণনগরের প্রান্তিক ও ভদ্র-শিক্ষিত সমাজের বাসিন্দাদের প্রাত্যহিক দিনযাপন, জীবিকানির্ভরতা ও অভিজ্ঞতাসঞ্জাত কথামালায় বাঙ্ময় হয়েছে নাগরিক লোকসংস্কৃতি-সন্নিহিত বিবিধ প্রসঙ্গ । নজরুলের সমকালে তাঁর সহযাত্রী কথাশিল্পীরা, বিশেষত 'কল্লোল গোষ্ঠী'র লেখকেরা কলকাতা মহানগর ও এর পার্শ্ববর্তী শহর-শহরতলি-মফস্বলের পটভূমিতে বিভিন্ন গল্প-উপন্যাস লিখেছেন। কিন্তু বাংলার নাগরিক লোকসংস্কৃতির রূপায়ণে তাঁরা বিশ্বস্ত শিল্পসামর্থ্যের পরিচয় দিতে পারেননি। মাটিঘেঁষা, কায়িক শ্রমক্লিষ্ট বাংলার মেহনতি জনতার সঙ্গে অচ্ছেদ্য আন্তরিকতাঘনিষ্ঠ সাহচর্য ছিল তাঁর সাহিত্যচর্চার অন্যতম অবলম্বন। মৃত্যুক্ষুধা উপন্যাসে কৃষ্ণনগরের চাঁদ-সড়ক এলাকার প্রান্তিক বাঙালি মুসলমান ও ধর্মান্তরিত রোমান ক্যাথলিক খ্রিস্টানদের জীবনপ্রবাহের বৃত্তান্ত রূপায়ণসূত্রে সতর্ক পর্যবেক্ষণ ও সচেতন সমাজভাবনার সমবায়ে লেখক এখানকার নাগরিক লোকসংস্কৃতির পরিসর ও বাসিন্দাদের যূথচারিতার আখ্যানকে নবভাষ্যে উন্নীত করেছেন। বর্তমান প্রবন্ধে এ উপন্যাসে বিধৃত কৃষ্ণনগরের নাগরিক লোকসংস্কৃতির স্বরূপ সন্ধানের চেষ্টা করেছি। 

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2022-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মৃত্যুক্ষুধা উপন্যাসে নাগরিক লোকসংস্কৃতির স্বরূপ. (2022). সাহিত্য পত্রিকা, 57(3), ৪১-৭৬. https://doi.org/10.62328/sp.v57i3.3