আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প
Abstract
বাংলা ছোটগল্পকে যে কজন গল্পকার সমৃদ্ধ করতে পেরেছেন আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩- ১৯৯৭) তাঁদের অন্যতম। এন্টি রোম্যান্টিক এ কথাশিল্পী অত্যন্ত সার্থকতার সাথে তাঁর গল্পে ফুটিয়ে তুলেছেন পুরনো ঢাকার ক্ষয়িষ্ণু চিত্র। অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে তিনি বিশ্লেষণ করেছেন ঢাকার সমাজ, জীবন ও মানুষের কাহিনী। বর্ণনা অপেক্ষা পাত্র-পাত্রীর মনস্তত্ত্ব বিশ্লেষণে তিনি অধিক মনোযোগী থেকেছেন ছোটগল্পে। সমগ্র জীবনব্যবস্থার চিত্র অত্যন্ত দক্ষতার সাথে তিনি তুলে আনতে সক্ষম। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনবৃত্তান্ত নিয়ে গল্প লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। শুধু মানুষের মুখের ভাষা শুনে সে চরিত্রকে যে কত সুন্দরভাবে চেনা যায় তা বোঝা যাবে ইলিয়াসের গল্প পড়লে । বিষয় ও প্রকরণ নিয়ে এই গল্পকার পরীক্ষা-নিরীক্ষা করেছেন বারবার। তাঁর এই পরীক্ষাধর্মী লেখা সম্পর্কে সমালোচকের বক্তব্য: আখতারুজ্জামান ইলিয়াস প্রকরণ-পরিচর্যায় নিরীক্ষাপ্রিয় শিল্পী। এন্টি রোমান্টিক দৃষ্টিকোণে প্রাত্যহিক ভাষায় তিনি নির্মাণ করেন যাপিত জীবনের চালচিত্র। পুরনো ঢাকার ভাষা কুট্টিদের খিস্তি খেউড় আর বাখরখানি সংস্কৃতি ইলিয়াসের গল্পে শৈল্পিক ব্যঞ্জনায় উদ্ভাসিত যেন। তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন দীর্ঘ বাক্য গঠনে; ‘এই দীর্ঘ বাক্যপাঠে অনভ্যস্ত পাঠকের কাছে তাঁর গদ্য বিরক্তিকর হলেও সজ্ঞান হৃদয়সংবেদী পাঠক গল্পের ভেতরে প্রবেশে বাধাগ্রস্ত হন না। ফ্লাশ ব্যাক পদ্ধতিতে কাহিনী বয়ন ইলিয়াসের ছোটগল্পের অন্যতম বৈশিষ্ট্য। ইলিয়াসের গল্পে যেন তদন্ত করা হয়েছে এক একটা চরিত্রকে। আর এই তদন্তকারী অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে সময় ব্যয় করে তারপর চরিত্রকে উপস্থাপন করেছেন পাঠকের সামনে। প্রবঞ্চক শহর কীভাবে গ্রাম থেকে আসা মানুষের সাথে প্রতারণা করছে, সে চিত্রও পাওয়া যায় ইলিয়াসের গল্পে। বাস্তবতা দিয়েই তিনি প্রায় তাঁর সব গল্পের শরীর গেঁথেছেন। ফলে-শ্মশানের মড়া পুড়িয়ে পুড়িয়ে চণ্ডালের যে অবস্থা ইলিয়াসেরও তাই। সবক'টি চশমা খুলে বসে আছেন অথচ আমাদের সাহিত্যে চশমার তো অন্ত নেই- কোঁৎ কোঁৎ আবেগের চশমা, ধর্মের সম্প্রদায়ের রঙিন চশমা কতো আছে। ইলিয়াসের খোলা চোখের দৃষ্টি সমকালীনতার মূলটুকু দেখে নেয়, দাঁত নখ সবই বাজপাখির মতো তড়িঘড়ি ও সোজাসুজি, আর ঠিক সেটুকুই তিনি লিখতে বসে যান। এই জন্যেই তাঁর লেখায় হাবাগঙ্গারামদের প্রেম নেই। দাম্পত্য জীবন, প্রেম প্রীতি, পিতৃভক্তি, বাৎসল্য ইত্যাদির উপর তিনি যেন বাজ ফেলেছেন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.