কাজী আবদুল ওদুদ-সম্পাদিত “সংকল্প” পত্রিকার বিষয় ও ভাবসম্পদ
Abstract
মুসলিম বাংলার অন্যতম প্রগতিশীল লেখক কাজী আবদুল ওদুদ (১৮৯৪-১৯৭০) ফদিরপুর জেলার পাংশা থানায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯১৩ সনে ম্যাট্রিকুলেসান এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে আই, এ; এবং বি,এ (১৯১৭) পাশ করেন। ১৯১৯ সনে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল ইকোনমি বিষয়ে এম. এ. পাশ করেন। স্কুল ও কলেজ জীবনে তিনি সংস্কৃত ভাষা পাঠ্য হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর সহপাঠীদের মধ্যে ছিলেন সুভাষচন্দ্র বসু (১৮৯৭-১৯৪৫), দিলীপকুমার রায় (১৮৯৭-১৯৭৯), নীরেন্দ্রনাথ রায় (১৮৯৬-১৯৬৬)। তিনি কমরেড মোজাফ্ফর আহমদের সঙ্গেও পরিচিত ছিলেন। কাজী আবদুল ওদুদ, ১৯২০ খ্রীস্টাব্দে, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে বাংলা সাহিত্যের অধ্যাপক হিসেবে চাকরি লাভ করেন। অর্থনীতির এম. এ. পাশ ব্যক্তির সাহিত্যের অধ্যাপকের চাকরি লাভ করাটা, সাহিত্যে তাঁর খ্যাতি ও প্রতিষ্ঠার পরিচয়ই বহন করে। সাহিত্যের বিভিন্ন শাখায় প্রচুর লিখে তিনি তাঁর প্রতিভার সে-স্বাক্ষর বজায় রাখতে পেরেছিলেন। প্রগতিশীল মুসলিম সাহিত্যের আলোচনায়, কাজী আবদুল ওদুদের নাম উল্লেখ না-করার অবকাশ নেই। তাঁর প্রতিভার অন্য প্রকার প্রমাণও আমরা পাই তাঁর দ্বারা সম্পাদিত পত্রিকার মাঝে। আমরা জানি যে, তিনি ১৯২৬ সনে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য- সমাজের প্রধান কর্ণধার ছিলেন। ওই সমাজের শিখা পত্রিকা সম্পাদনার কাজেও তাঁর সহযোগিতা ছিল। তিনি ১৯২০ খৃষ্টাব্দ থেকে দীর্ঘকাল ঢাকায়ই ছিলেন। ১৯৪০ খৃষ্টাব্দে টেক্সট বুক বোর্ডের সেক্রেটারির চাকরি প্রাপ্ত হন। দ্বিতীয় বিশুযুদ্ধকালে কিছুদিনের জন্য তাঁর অফিস কলকাতা থেকে রাজশাহীতে স্থানান্তরিত হয়েছিল। অবশেষে ১৯৫১ সনে কলকাতায় থাকা কালে অবসর গ্রহণ করেন। টেক্সট বুক বোর্ডের কর্মজীবনের সঙ্গে তাঁর সম্পর্ক স্থাপিত হলে, মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে তাঁর সম্পর্ক আর প্রত্যক্ষ থাকেনি।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2002 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.