জীবনানন্দের ছোটগল্পে মানববীক্ষার স্বরূপ

DOI: https://doi.org/10.62328/sp.v46i1.344
Crossmark

Authors

Abstract

কবিতা কিংবা উপন্যাস বিষয়ে জীবনানন্দ দাশ তাঁর নানা অভিমত প্রকাশ করলেও ছোটগল্প বিষয়ে তিনি একেবারেই নিশ্চুপ। অথচ তাঁর কালে ছোটগল্পও কবিতার মতোই নিরীক্ষার বিষয়। নিকট অতীতে রবীন্দ্রনাথের হাতে ছোটগল্পের পরিপূর্ণতা ও বিকাশের পর্বান্তর জীবনানন্দ দাশের কালেও ছিল সরব। জীবনানন্দ দাশ উপন্যাস লিখছেন, এ তথ্যটি তাঁর ঘনিষ্ঠ দু-একজন জানলেও গল্প লেখার বিষয়টি ছিল একেবারেই অজ্ঞাত। তিনি নিজেই হয়তো গল্প লেখার বিষয়টি প্রকাশ করতে চাননি। আর প্রকাশ না করার আগ্রহ থেকেই হয়তো বাংলা ছোটগল্প বিষয়ে কোনো প্রবন্ধ লেখেননি। তবে কবিতা-বিষয়ক প্রবন্ধগুলোতেই কবিতা কিংবা অন্য যে-কোনো শিল্প সৃষ্টিতে শিল্পীর দায়বদ্ধতার বিষয়টি এতটাই স্পষ্ট বিবৃত যে, কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কিংবা গল্পকার জীবনানন্দ দাশের মননশীলতাকে ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। তিনি লিখেছেন— জীবন ছাড়িয়ে কোনো মানবীয় অভিজ্ঞতা থাকা কি সম্ভব। কবির অভিজ্ঞতা যা আকাশ পাতাল সমস্তই উপলব্ধি করে নিতে চায় তাও তো মানবীয়। অবশ্য এরকম কবি আছেন- বা কাব্য নিয়তির পথে এমন সব মুহূর্ত মাঝে মাঝে এসে পড়ে যখন মনে হয় কবির ভাবপ্রতিভা এমন এক অপরূপ অপ্রশান্তির আস্বাদ পেয়েছে যা জীবনের কোনো ব্যবহারের ভিতরই ধরা পড়ে না, জীবনের প্রতিবিম্বও নয়, আমাদের এই ইতিহাসসম্মত জীবন ছাড়িয়ে কবিমানসের কোনো অনন্য অভিজ্ঞতার দেশে চলে গিয়েছে। কোনো কবি যদি এরকম মনে করেন তা হলে বুঝতে হবে যে তিনি কালকের বা আজকের নিত্যব্যবহার্য সমাজপদ্ধতির বাইরে কোনো কিছুর কথা ভাবছেন, কিন্তু তবুও জীবনের বাইরে কোথাও চলে যেতে পারেননি। কারণ জীবন, — এই জীবনের পদ্ধতি যে-কোনো সমাজ ও সমবায় পদ্ধতির চেয়ে বড়, এরই ভিতরে মানুষের সমবায় ব্যবস্থা বার বার ভেঙে যাচ্ছে ও নতুনভাবে গড়ে উঠছে। আমাদের এই গ্রহের জীবনসাক্ষ্যের সবচেয়ে স্মরণীয় দৃষ্টান্ত মানুষ; কোনো বিস্ময়কর প্রমত্ততার মুহূর্তেও নিজেকে অন্যরূপ কল্পনা করা তার পক্ষে কঠিন; তার কল্পনা প্রতিভার চমৎকার সংহতির মুহূর্তে মানবজীবন সম্পর্কে সবচেয়ে মূল্যবান কথা আবিষ্কার করবার কিংবা নতুনভাবে প্রচার করবার সুযোগ সে পায়। এইসব সময়ই হচ্ছে কাব্য বা শিল্পসৃষ্টির সময়।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2002-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

জীবনানন্দের ছোটগল্পে মানববীক্ষার স্বরূপ . (2002). সাহিত্য পত্রিকা, 46(1), ৬৩-৮৭. https://doi.org/10.62328/sp.v46i1.344

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%