নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্পে মন্বন্তরের চালচিত্র
Abstract
নারায়ণ গঙ্গোপাধ্যায় (১৯১৮-১৯৭০) বাংলা সাহিত্যের অন্যতম আর্থসামাজিক, ভূ-রাজনৈতিক ঐতিহ্য ও সময়সচেতন গল্পকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্ব অর্থনৈতিক বিপর্যয় ও মধ্যবিত্তের স্বপ্নভঙ্গের প্রেক্ষাপটে উপনিবেশিত রাজনীতিতে উত্তাল চল্লিশের প্রস্তুতিপর্বে তাঁর আবির্ভাব। সময়ের অন্তর্টানে তিনিও অনুশীলন সমিতিতে যোগ দিয়ে বিপ্লবীদের সঙ্গে সম্পৃক্ত হন এবং কারাবরণ করেন। কারাগারে মার্কসবাদে দীক্ষা ও বামপন্থী রাজনীতিতে সক্রিয় হলেও ১৯৪২ সালে অধ্যাপনায় নিযুক্ত হওয়ার পর তিনি নিজেকে প্রত্যক্ষ রাজনীতি থেকে গুটিয়ে নেন। তবু কাঠামোগত সম্পৃক্তিই রাজনীতির শেষ কথা নয় এই বিশ্বাস নিয়ে তিনি সমাজতান্ত্রিক মূল্যবোধ ও অভিজ্ঞতার ভিত্তিতে মানব-প্রীতিকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। তাঁর গল্পে রূপায়িত হয়েছে আবেগের তীব্রতায় মাটি ও মানুষের প্রতি গভীর-ঘনিষ্ঠ সহানুভূতি। নারায়ণ গঙ্গোপাধ্যায় সময়গ্রন্থির বিভ্রান্তিহীন দ্রষ্টা এবং বেঁচে থাকার আকাঙ্ক্ষার মধ্যেই তাঁর মুক্ত জীবনের বাণী উচ্চারিত। ২ মানবিক অপচয়ের প্রেক্ষাপটে তিনি সামাজিক ক্ষোভকে তীব্র রাজনৈতিক সচেতনতায় আত্মস্থ করেছেন এবং মানুষের প্রতিই তাঁর গভীরতর আকর্ষণ। ‘ধনবণ্টন ব্যবস্থার বৈষম্যে মানুষের শ্রেণীগত বৈপরীত্য ও অবস্থান্তরের প্রকৃতি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পে স্পষ্ট হয়ে উঠেছে। ৩ ভারতবর্ষে জাপানি আক্রমণ (১৯৪১), আগস্ট আন্দোলন ও মেদিনীপুরের বিধ্বংসী বন্যা (১৯৪২) দুর্ভিক্ষ (১৯৪৩), চোরাকারবার ও মজুতদারি, যুদ্ধপ্রস্তুতির ক্ষেত্র হিসেবে কলকাতা ও বাংলাকে ব্যবহার (১৯৪১–১৯৪৫), দাঙ্গা (১৯৪৬), দেশবিভাগ ও উদ্বাস্তুস্রোত (১৯৪৭–১৯৫০) প্রভৃতি আর্থসামাজিক তিক্ত অভিজ্ঞতার মধ্যেই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাহিত্যিক প্রতিষ্ঠা। মূলত উপযুক্ত অপচয়ের প্রেক্ষাপট নিয়েই গল্পকার জানিয়েছেন : “দ্বিতীয় মহাযুদ্ধের দুঃস্বপ্নের মধ্য দিয়ে কঙ্কালের এক অপূর্ব শোভাযাত্রা। সেদিনের সেই অসহ্য আত্মগ্লানি আর গর্জনের মধ্যে আমিও গর্জন করে উঠেছি, 'যুগান্তরে' লিখেছি 'নক্র-চরিত', 'আনন্দ বাজারে' লিখেছি ‘দুঃশাসন’, ‘দেশে' লিখেছি ‘পুস্করা’।” মূলত এই তিনটি গল্পের নিবিড় পাঠের মাধ্যমে গল্পকারের মন্বন্তরকেন্দ্রিক আত্মগ্লানি, যন্ত্রণা ও গর্জনের স্বরূপ চিহ্নিত করার বর্তমান প্ৰচেষ্টা ৷
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.