আবদুল মান্নান সৈয়দের ছোটগল্পে মধ্যবিত্তজীবন
Abstract
প্রথা ভাঙার অঙ্গীকারে সৃষ্টিশীল সাহিত্য রচনা করার অদম্য সাহস আর দৃঢ় মনোবল নিয়ে ষাটের দশকে বাংলা সাহিত্যে আবির্ভূত হন আবদুল মান্নান সৈয়দ (১৯৪৩-২০১০)। সাহিত্যের প্রায় সকল শাখায় স্বচ্ছন্দ বিচরণ করে তিনি যেমন প্রশংসিত হয়েছেন তেমনি হয়েছেন বিতর্কিত। মৌলিক সাহিত্য সৃজনের পাশাপাশি গবেষক হিসেবেও মান্নান সৈয়দ অর্জন করেছেন এক ব্যাপক সিদ্ধি। বিশেষত কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) এবং জীবনানন্দ দাশকে (১৮৯৯-১৯৫৪) নিয়ে তাঁর শ্রমনিষ্ঠ গবেষণাকর্ম বাংলা মননশীল সাহিত্যের ক্ষেত্রকে ঋদ্ধ করেছে। উঁচু মানের গবেষক হওয়ার পরও মান্নান সৈয়দ সৃজনশীল রচনার ক্ষেত্রে স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল ও বিশিষ্টতার দাবিদার। ছোটগল্পকার আবদুল মান্নান সৈয়দ সম্পর্কেও একথা প্রযোজ্য। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য স্মরণযোগ্য : গল্প লিখছি বছর পঁচিশ হ'য়ে এলো। অনেকগুলো মাধ্যমে আমি কাজ করলেও ছোটগল্পই আমার সবচেয়ে প্রিয় মাধ্যম। গল্প লিখেই তৃপ্তি পাই সবচেয়ে বেশি । একটি গল্প মানে এক বিশ্ব। এক নিজস্ব পৃথিবী নির্মাণ। 'বস্তুত আবদুল মান্নান সৈয়দের ছোটগল্প সমকালীন অন্য গল্প-লেখকদের থেকে স্বতন্ত্র ও বিশিষ্ট। তিনি প্রচলিত প্রথার বাইরে গিয়ে স্বকীয় এক গল্পভুবন গড়ে তুলেছেন। গল্পের বিষয়-ভাবনায় এবং আঙ্গিক-নিরীক্ষায় তিনি বরাবরই কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ‘তাঁর ছোটগল্পের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বিষয়-বৈচিত্র্য'।` মানুষের মনোজগতের রূপায়ণ তাঁর ছোটগল্পের প্রধান চারিত্র্যলক্ষণ হলেও কেবল এ ধারায় তিনি স্থির থাকেননি। সামাজিক শ্রেণিবিন্যাসে এবং অর্থনৈতিক বিবেচনায় সমাজে বসবাসরত মধ্যবিত্ত শ্রেণির জীবন রূপায়ণেও তিনি একজন সফল কথাশিল্পী। মূলত নাগরিক মধ্যবিত্তজীবনের সার্থক এই রূপকার প্রচলিত ধারণাকে উপেক্ষা করে পর্যবেক্ষণ করেছেন মধ্যবিত্তের অন্তর্গত শূন্যতা এবং নির্মোহ, নিরাসক্ত দৃষ্টিতে চিত্রিত করেছেন বিপন্ন মধ্যবিত্তের আকাঙ্ক্ষা ও অতৃপ্তি, দ্বিধা ও গ্লানি, ক্ষয় ও ক্লান্তি, তীব্র হাহাকার ও বেদনা। মধ্যবিত্ত শ্রেণির বিচিত্রমুখী সংকট উপস্থাপনে মান্নান সৈয়দের ছোটগল্প শিল্পগুণ সমৃদ্ধ হয়ে উঠেছে। শুরুতেই মধ্যবিত্ত শ্রেণিসংক্রান্ত প্রত্যয়টি নিয়ে ব্যাখ্যা প্রদান আবশ্যক।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2011 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.