নৈঃসঙ্গ্যচেতনা ও সৈয়দ ওয়ালীউল্লাহ্র ছোটগল্প
Abstract
উনিশশ সাতচল্লিশ-উত্তর বাংলাদেশের কথাসাহিত্যের পরিমণ্ডলে নিঃসন্দেহে সৈয়দ ওয়ালীউল্লাহ্ই (১৯২২-১৯৭১) প্রথম স্বাদেশিক গণ্ডি-উত্তীর্ণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রাতিস্বিক কথাশিল্পী। মেধা ও মননে প্রচলিত জীবনদৃষ্টি ও ধ্যান-ধারণাকে অতিক্রমকারী এ মনস্বী ব্যক্তিত্ব সাহিত্যভুবনে প্রথাগত স্রোতের প্রতিকূলে অবিরাম অগ্রসরমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভলগ্নে অশান্ত-বিক্ষুব্ধ বৈরী প্রতিবেশে বৈনাশিক কালের প্রেক্ষাপটে বাংলা ছোটগল্পের ভুবনে তাঁর পথযাত্রা ঘটে। ওয়ালীউল্লাহ্র সংবেদনশীল শিল্পিমানসে বিরূপ বিশ্বে প্রতিনিয়ত একাকী মানুষের অন্তর্জাগতিক নেতি-নাস্তি, চিরন্তন মূল্যবোধে অনাস্থা, অস্তিত্বসংকট-অস্তিত্বহীনতাজাত পরাভব, বিশ্বাসভঙ্গের অভিঘাতে উত্থিত চিত্তদাহের দুঃসহনীয় উত্তাপ, পারস্পরিক সম্পর্কচ্যুতিজনিত ভয়াবহ শূন্যতাবোধ, মর্মোদ্ভূত হাহাকার প্রভৃতি অকৃত্রিম শব্দপ্রতিমায় সংহত শিল্পাবয়ব অর্জন করেছে। যে কোনো আত্মসচেতন ব্যক্তির মতোই তিনিও প্রথম বিশ্বযুদ্ধোত্তর কালে ধনতন্ত্রের বিপর্যস্ত-জরাজীর্ণ আগ্রাসী মোহে ক্ষত-বিক্ষত বৃহত্তর ভারতীয় সমাজের মৌলকাঠামোর অভ্যন্তরীণ প্রবণতা ও ব্যক্তিক উপলব্ধিরাশির দ্বৈরথে অসহায়প্রবণ, সত্তাবিচ্যুত ও ত্রিশঙ্কু মানসিকতায় আক্রান্ত হয়েছিলেন। এর সঙ্গে সম্পৃক্ত ছিল ব্যক্তিজীবনে মাতৃস্নেহবঞ্চিত এক নিঃসঙ্গ বালকের পরিবার ও প্রিয়জনকেন্দ্রিক স্নেহ-মমতা- বাৎসল্যের প্রগাঢ় ভালোবাসাসিক্ত মানবীয় বন্ধনে নিজেকে আবদ্ধ করতে পারার অসমর্থতাজাত স্বপ্নভঙ্গের অন্তর্যন্ত্রণা। তাই তাঁর চেতনালোকে ধীরে ধীরে উদিত হয় একাকিত্ব, সমষ্টিমানস থেকে দূরবর্তী অবস্থানের সচেতন আগ্রহ, আত্মলীন মনোভঙ্গি এবং বৃত্তাবদ্ধ ও সংশয়গ্রস্ত জীবনভাবনা। সাহিত্যচর্চার উন্মেষ লগ্ন থেকে অন্তিম পর্যায় পর্যন্ত ওয়ালীউল্লাহ্র মনোভূমিতে সতর্ক অভিনিবেশে লালিত অনিকেতচেতনার শিকড় কখনোই উন্মূলিত হয়নি। জীবনের বিভিন্ন পর্যায়ে পারিবারিক প্রতিবেশ, সামাজিক বাস্তবতা ও রাজনৈতিক অভিঘাতের তরঙ্গে উদ্বেলিত ওয়ালীউল্লাহ্র আত্মীকৃত শিক্ষা-রুচি-মেধা-মনন ও অভিজ্ঞতার নির্যাসে পরিপুষ্ট এ বোধ হয়ে উঠেছে কালজয়ী সাহিত্যের যথার্থ আধার । তাঁর ছোটগল্পে নৈঃসঙ্গ্যপীড়িত আধুনিক মানুষের দোদুল্যমানতা, জীবনবিমুখ-নিরাসক্ত দৃষ্টিভঙ্গি, অমীমাংসিত উপলব্ধি, আত্মদহনের গ্লানি, উদ্ভ্রান্তি, আপাত অর্থহীনতার সমন্বিত রূপায়ণ অনিন্দ্য শিল্পমাত্রায় উত্তীর্ণ।
Downloads
Downloads