শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের আঙ্গিক
Abstract
বাংলাদেশের উপন্যাসের ইতিহাসে শওকত ওসমান (১৯১৭-১৯৯৮) এক অনন্য নাম । তিনি বাংলাদেশের উপন্যাসকে কেবল বিষয়ের বৈচিত্র্যে ঋদ্ধ করেননি, আঙ্গিক-নিরীক্ষায় সমৃদ্ধ করেছেন। শুধু বিষয় এবং আঙ্গিকের বৈচিত্র্য নয়, শওকত ওসমানের উপন্যাসচর্চার ইতিহাস বাংলাদেশ নামক রাষ্ট্রের নানা উত্থান-পতন, গঠন-পুনর্গঠনের ইতিহাসের সমান্তরাল। এ-কারণে বলা যায়, বাংলাদেশ রাষ্ট্রের রাজনৈতিক গতি-প্রকৃতির এক বিশ্বস্ত দলিল শওকত ওসমানের উপন্যাস। শওকত ওসমানের উপন্যাসচর্চা শুরু হয় গ্রামীণ জীবনের পটভূমিতে [বনী আদম (১৯৪৬) এবং জননী (১৯৫৮)] বৃহত্তর জীবনের রস-রহস্য উন্মীলনের মধ্য দিয়ে। শওকত ওসমান জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম বাংলায়। তাঁর প্রথম দুটি উপন্যাসে বিধৃত হয়েছে পশ্চিম বাংলার গ্রামীণ-জীবন। যদিও বাংলাদেশকে তিনি স্বদেশ হিসেবে অর্জন করেছিলেন, তবু প্রগতিশীল স্বদেশপ্রাণ মন মনস্বিতার কারণে অর্জিত স্বদেশের পরিবর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সঙ্গে তাঁর উপন্যাসের বিষয় ও আঙ্গিকের অভিমুখও বারবার পরিবর্তিত হয়েছে। যেমন, ষাটের দশকে বাংলাদেশ যখন রাজনৈতিক, শৈল্পিক ও বুদ্ধিবৃত্তিক অবরুদ্ধতার মধ্যে নিপতিত তখন শওকত ওসমান রচনা করলেন আইয়ুবি স্বৈরাচারবিরোধী নতুন বিষয় এবং রূপক-ফ্যান্টাসিধর্মী নতুন আঙ্গিকের চারটি উপন্যাস – ক্রীতদাসের হাসি (১৯৬২), চৌরসন্ধি (১৯৬৬), সমাগম (১৯৬৮) এবং রাজা উপাখ্যান (১৯৭০)। কিন্তু ১৯৭১ সালে স্বদেশে পাক-হানাদার বাহিনীর আক্রমণ ও নির্যাতন যখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, তখন সংগত কারণেই শওকত ওসমান উপন্যাসের বিষয় হিসেবে বেছে নেন মুক্তিযুদ্ধকে। ফলে স্বভাবতই উপন্যাসের শরীর থেকে সরে যায় রূপক-ফ্যান্টসির আবরণ এবং সত্তর দশকেই শুধু মুক্তিযুদ্ধ নিয়ে তিনি রচনা করেন চারটি উপন্যাস – জাহান্নাম হইতে বিদায় (১৯৭১), দুই সৈনিক (১৯৭৩), নেকড়ে অরণ্য (১৯৭৩) এবং জলাংগী (১৯৭৪)। আবার আশির দশকে দেশ যখন স্বদেশী স্বৈরাচার দ্বারা অবরুদ্ধ তখন তিনি যূথবদ্ধ মানুষের প্রতিরোধ-প্রত্যাশী বিষয়বস্তু নিয়ে রূপকাঙ্গিকে রচনা করলেন পতঙ্গ পিঞ্জর (১৯৮৫)-এর মতো উপন্যাস। শওকত ওসমানের উপন্যাসের তিনটি পর্বের আঙ্গিকের দিকে লক্ষ করলে দেখা যায় যে, প্রতিটি পর্বেরই রয়েছে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য। যেমন, প্রথম পর্বের গ্রামীণ-জীবন-নির্ভর উপন্যাসের ক্যানভাস বিস্তৃত, ভাষা বিস্তৃত বিবরণধর্মী, চরিত্রায়ণ বাস্তববাদী, পরিচর্যা বর্ণনাত্মক, এবং সময়ও বিস্তৃত। কিন্তু দ্বিতীয় পর্বের উপন্যাসের ক্যানভাস ক্ষুদ্র, ভাষা ইঙ্গিতময়, চরিত্রায়ণ প্রতীকাশ্রয়ী, পরিচর্যা নাটকীয়। আর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের ক্যানভাস ক্ষুদ্র হলেও প্রতিনিধিত্বের মাহাত্ম্যে উজ্জ্বল, ভাষা কোথাও ত্রস্ত, অস্থির, কোথাও শানিত প্রতিক্রিয়ায় বিষময়, আবার কোথাও তীক্ষ্ণ ব্যঙ্গের আধার; চরিত্রায়ণ প্রতিনিধিত্বমূলক, কৃত্রিমতাবর্জিত, পরিচর্যা মূলত চিত্রাত্মক। প্রকৃতপক্ষে, শওকত ওসমানের উপন্যাসের আঙ্গিকের পালাবদল বাংলাদেশ রাষ্ট্রের রাজনৈতিক পালাবদলের ইতিহাসের সঙ্গে জৈবিকভাবে সংশ্লিষ্ট।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.