সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় আরবি শব্দের ব্যবহার
Abstract
রবীন্দ্রনাথের কবিপ্রতিভার পূর্ণদীপ্তি যখন বিকশিত তখন বাংলার প্রায় সকল কবিই রবীন্দ্রনাথের ভাব-কল্পনার দ্বারা প্রভাবিত হয়েছেন। তবে রবীন্দ্রজ্যোতির তীব্র প্রভাবেও যিনি স্বকীয়তায় ও স্বমহিমায় ছিলেন সমুজ্জ্বল, তিনি হলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। তাঁকে বলা হয় বাংলা কবিতার ছন্দের যাদুকর। কেউ কেউ তাঁকে অমর অনুবাদক আবার কেউ কেউ অনুবাদকের অনুবাদক আখ্যা দিয়ে থাকেন। সত্যেন্দ্রনাথ কলকাতার সম্ভ্রান্ত দত্ত পরিবারের সন্তান। ১৮৮২ সালের ১২ ফেব্রুয়ারি, বাংলা ৩০ মাঘ ১২৮৮ শনিবার দ্বি-প্রহর রাতে সে যুগের অগ্রণী সাহিত্যসেবক মামা কালীচরণের গৃহে তাঁর জন্ম। ঊনবিংশ শতাব্দির চিন্তাশীল লেখক, প্রখ্যাত সাহিত্যিক ও দার্শনিক অক্ষয়কুমার দত্ত (১৮২০-১৮৮৬) তাঁর পিতামহ। এ পরিবারের পূর্বপুরুষগণ টাকীর নিকটবর্তী পুড়া গ্রামের সন্নিহিত গন্ধর্বপুরে বসবাস করতেন। পরবর্তীকালে নদীয়া (এখন বর্ধমান) জেলার অন্তর্গত পূর্বস্থলী গ্রামের কাছে চুপীতে বসবাস শুরু করেন। চুপীর যেখানে তাঁদের বসবাস ছিল, তা এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সত্যেন্দ্রনাথের পিতামহ অক্ষয়কুমার দত্ত কলকাতার ৪৬ নং মসজিদবাড়ি স্টিটে একটি বাড়ি কিনে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ৪৬ নং স্ট্রিটের বাড়িটিতেই দত্ত পরিবারের শেষ জীবন অতিবাহিত হয়। ১৮৮৬ সালের ২৮ মে সত্যেন্দ্রনাথের চার বছর বয়সে তাঁর পিতামহ মারা যান। অনেক প্রতিভাবান সাহিত্যিকের মতো সত্যেন্দ্রনাথ বিদ্যালয়ের বাঁধাধরা লেখাপড়ায় বিশেষ মনোযোগী ছিলেন না। স্কুল-কলেজের পাঠ্যপুস্তকের চেয়ে বাইরের কাব্য ও সাহিত্যাদির প্রতিই তাঁর ঝোঁক ছিল বেশি। ফলে তিনি কোনো পরীক্ষাতেই তেমন কোনো কৃতিত্ব দেখাতে পারেননি। ১৮৯৯ সালে তিনি কলকাতার সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। অতঃপর জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশনে এফ. এ ক্লাসে ভর্তি হন এবং ১৯০১ সালে এফ. এ পরীক্ষায় তৃতীয় বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে সত্যেন্দ্রনাথ বি.এ পরীক্ষা দিয়েছিলেন বটে, কিন্তু দুর্ভাগ্যবশত কৃতকার্য হতে পারেননি। তিনি পড়াশুনা করতেন ঠিকই, কিন্তু তা পাঠ্যবস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকত না। তিনি বিশ্বের যাবতীয় জ্ঞান-ভাণ্ডার থেকে প্রচুর উপাদান সংগ্রহ করেছেন, যা তাঁর কবিতা পাঠে অনুমান করা যায়। সত্যেন্দ্রনাথের বহু পঠন এবং জ্ঞানার্জনের প্রমাণ তাঁর রচনাবলি। তিনি একাধিক ভাষা শিখেছেন- অনুবাদ কবিতায় তাঁর বহু ভাষার উপর অধিকার প্রকাশ পেয়েছে। পরিমণ্ডলে বাল্য ও প্রথম কৈশোর অতিবাহিত করে কৈশোর-যৌবনের সন্ধিলগ্ন থেকেই কবি-গুরুর সান্নিধ্য তাঁকে কাব্যরসের মহাসমুদ্র সংগমে অবগাহনের অবারিত সুযোগ এনে দেয়। জন্মগত সাহিত্যবোধের অধিকারী সত্যেন্দ্রনাথ পিতামহ অক্ষয়কুমার দত্তের কাছ থেকে অসাধারণ জ্ঞান-পিপাসা, সাহিত্যের রসজ্ঞতা এবং সাহিত্য সৃষ্টির ক্ষমতা লাভ করেন।
Downloads
Downloads