জসীমউদ্‌দীনের কবিতায় গ্রামজীবন : যাপন-পদ্ধতির বিকল্প প্রস্তাব ও কাব্যের রাজনীতি

DOI: https://doi.org/10.62328/sp.v49i2.1
Crossmark

Authors

Abstract

পল্লিজীবনের রূপকার হিসাবে কবি জসীমউদ্‌দীন কমবেশি প্রশংসিত হয়েছেন। এই প্রশংসার মধ্যে ‘আধুনিক' বাংলা কাব্যের একটি অভাব পূরণের কৃতিত্বের কথা বারবার বলা হয়েছে। অভাবটি হলো ইংরেজি-শিক্ষিত মধ্যবিত্তের কাব্যধারায় বাংলার গ্রামজীবনের বিস্তারিত ও বাস্তবভিত্তিক উপস্থাপনার অভাব। অপেক্ষাকৃত গৌণ কবিদের কারো কারো রচনায় এ বস্তু থাকলেও উচ্চারণের বলিষ্ঠতা ও সমগ্রতায় জসীমউদ্‌দীনই কেবল বাংলা কাব্যসমালোচনার মূল ধারায় খানিকটা সমীহ আদায় করতে পেরেছেন। কিন্তু যে দৃষ্টিভঙ্গি থেকে এ সমীহ আদায় হয়েছে, তাতে অন্তত দুটি বড় খুঁত রয়ে গেছে। সমালোচকদের একাংশ খেয়াল করেছেন, তাঁর কাব্যচর্চার ফলে বাংলা কবিতায় নাগরিক জীবনের পাশাপাশি গ্রামীণ জীবনও পাওয়া গেল। অর্থাৎ তাঁর গ্রামজীবন একটি সামগ্রিক জীবনবোধের একাংশ মাত্র। কোনো কাব্যধারার একজন কবির জন্য এই স্বীকৃতিও মোটেই হেলাফেলার নয়। কিন্তু মুশকিল হলো, এই সমালোচকেরা একই সাথে জসীমউদ্‌দীনের কবিতায় ‘আধুনিকতা'র লক্ষণ না দেখে পীড়িত বোধ করেছেন। উপনিবেশিত শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের জন্য ‘আধুনিকতা' একটা বেশ প্রতারক ধারণা, যার খোঁজ করতে গিয়ে তাঁদের চোখের আড়ালে হারিয়ে গেছে অধিকতর মূল্যবান অনেক কিছু। যেমন, কবি হিসাবে জসীমউদ্‌দীনকে গুরুত্বপূর্ণ মনে করেন এমন সমালোচকদের অপর অংশ বিভিন্নভাবে দেখাতে চেয়েছেন, জসীমউদ্‌দীন ‘পল্লিকবি’ হলেও 'আধুনিক'। সম্ভবত সারা পৃথিবীতে এবং এই উপনিবেশিত বাংলায়ও 'আধুনিকতা'র ধারণার সাথে একাট্টা হয়ে আছে নগর, গ্রাম যেখানে স্মৃতি কিংবা সৌন্দর্যের উপকরণ মাত্র; অথবা বলা যাবে ‘সংস্কৃতি'র বিপরীতে ‘প্রকৃতি'। এ মাপকাঠিকে চ্যালেঞ্জ না করে জসীমউদ্‌দীনকে 'আধুনিক' বলতে গেলে আশ্রয় নিতে হয় একরাশ গোঁজামিলের। আমাদের সমালোচকদের ওই অংশ ইচ্ছায়-অনিচ্ছায় গোঁজামিলে ভর করেছেন। এ লেখায় সংক্ষেপে দেখানো হবে, জসীমউদ্‌দীন কোনো জীবনসমগ্রের একাংশের চর্চা করেননি, বা 'আধুনিক' ভঙ্গিতে গ্রামকে উপস্থাপন করতে চাননি। গ্রামীণজীবন তাঁর কবিতায় বিকল্প জীবনবোধ ও জীবনপদ্ধতি। সে জীবন একদিকে সমগ্রতায় সম্পূর্ণ, অন্যদিকে শ্রী ও শোভায় সম্পন্ন। তা নগরজীবনের সাথে পাশাপাশি অবস্থান করে না, বরং নগরকে অগ্রাহ্য করার এবং সমালোচনা করার শক্তি ধরে। যাপনের রাজনীতি আর কাব্যের রাজনীতি সম্পর্কে তাঁর অবস্থান খুবই জোরালো এবং অতি স্পষ্ট। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2012-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

জসীমউদ্‌দীনের কবিতায় গ্রামজীবন : যাপন-পদ্ধতির বিকল্প প্রস্তাব ও কাব্যের রাজনীতি. (2012). সাহিত্য পত্রিকা, 49(2), ০৯-২৮. https://doi.org/10.62328/sp.v49i2.1

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%