সন্ধি স্বরূপ : প্রসঙ্গ বাংলা ভাষা

DOI: https://doi.org/10.62328/sp.v50i2-3.11
Crossmark

Authors

Abstract

বাংলা ভাষার স্কুলপাঠ্য ব্যাকরণের আবশ্যিক বিষয় সন্ধি; এবং এই সন্ধির আলোচনা কখনো ধ্বনিতত্ত্ব, আবার কখনো শব্দ প্রকরণ অংশে উপস্থাপিত হয়ে থাকে। বাংলা ভাষার আদি ব্যাকরণ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত A Grammar of the Bengal Language-এ সন্ধির প্রসঙ্গ না থাকলেও তাঁর পরবর্তী সকল ব্যাকরণ গ্রন্থেই সন্ধির প্রসঙ্গ এসেছে। বাংলা ভাষার ব্যাকরণ পর্যালোচনায় সন্ধির প্রথম বিশদ বর্ণনা দেখতে পাই উইলিয়াম কেরি রচিত বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থে। ঊনবিংশ শতাব্দীতে রচিত তাঁর A Grammar of the Bengalee Language এবং ভাষাকথাক্রম উভয় গ্রন্থেই সন্ধি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। ইংরেজি ভাষায় রচিত কেরির ব্যাকরণের প্রথম সংস্করণের ‘Letters' অধ্যায়ে তিনি সন্ধির আলোচনা করেছেন। লক্ষণীয়, কেরি তাঁর ব্যাকরণের তৃতীয় সংস্করণে সন্ধি বিষয়ে একটি স্বতন্ত্র অধ্যায় প্রণয়ন করেছেন। কারণ দ্বিতীয় সংস্করণের সময় থেকেই তিনি ক্রমশ সংস্কৃত ভাষার বিধি এবং রীতির পক্ষপাতী হয়ে পড়েছিলেন। বাংলা ভাষার ব্যাকরণে সন্ধির প্রাসঙ্গিকতা মূল্যায়নের প্রথম প্রয়াস দেখা যায় জি. সি. হটনের রচনায়। তাঁর মতে সন্ধির মতো 'unnecessary difficulties' বাংলা ভাষার প্রথম শিক্ষার্থীর জন্য অতটা প্রাসঙ্গিক নয় আর সে কারণেই তাঁর ব্যাকরণ গ্রন্থে সন্ধি সবশেষে উত্থাপিত হয়েছে। সন্ধি প্রসঙ্গে রাজা রামমোহন রায়ের মূল্যায়ন বিশেষভাবে প্রণিধানযোগ্য। তাঁর কালে এবং তাঁর পরবর্তী প্রায় দুইশত বছরের প্রচলন অনুযায়ী ব্যাকরণের আবশ্যিক বিষয় সন্ধি। তিনিই প্রথম ঘোষণা করলেন, সন্ধি 'সংস্কৃত ব্যাকরণের বিষয়-বস্তু এবং বাংলার ‘প্রকৃতিবিরুদ্ধ'। তাঁর মতে, বাংলা ভাষায় যেসকল সন্ধিবদ্ধ শব্দ আছে সেগুলি সন্ধিবদ্ধ অবস্থাতেই সংস্কৃত থেকে গৃহীত। সে কারণেই রাজা রামমোহন রায় সন্ধি সম্পর্কে আগ্রহী পাঠককে সংস্কৃত ব্যাকরণ পাঠ করবার পরামর্শ দিয়েছেন। কিন্তু রাজা রামমোহন রায়ের এ ঘোষণার দুই শতাব্দী পরেও ব্যাকরণিক ক্যাটেগরি হিসেবে বাংলা ব্যাকরণে সন্ধির অবস্থান মূল্যায়ন অপ্রাসঙ্গিক নয়। কারণ এ দুই শতাব্দী ধরে সন্ধি স্কুলপাঠ্য প্রথাগত ব্যাকরণের আবশ্যিক হিসেবে উপস্থাপিত হয়ে এসেছে; কিন্তু সন্ধি বিষয়ে প্রথাগত ব্যাকরণের দৃষ্টিভঙ্গি রয়েছে অপরিবর্তিত। এর কারণ হিসেবে দুটি বিষয় উল্লেখ করা যায়; প্রথমত, সন্ধি মূলত সংস্কৃত ভাষার ব্যাকরণিক প্রকরণ। এক্ষেত্রে মনে রাখতে হবে, বাংলা ব্যাকরণের আদি পুরুষেরা বাংলা ভাষার ব্যাকরণ রচনা করতে গিয়ে লাতিন, ইংরেজি কিংবা সংস্কৃত ব্যাকরণের প্রকরণ বা ক্যাটেগরি আবিষ্কারের চেষ্টা করেছেন, এবং সে সকল প্রকরণ প্রয়োগ করেছেন বাংলা ভাষার সংগঠন পর্যালোচনায়। দ্বিতীয়ত, ভাষায় সন্ধির ভূমিকা ধ্বনিতাত্ত্বিক নাকি রূপতাত্ত্বিক ব্যাকরণে এ নিয়ে রয়েছে দ্বিধা। সুতরাং বাংলা ভাষাতত্ত্বে সন্ধির অবস্থান বিষয়ক প্রশ্নের সমাধানের জন্য সন্ধি ভাষায় কী ভূমিকা পালন করে তা জানা প্রয়োজন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2013-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সন্ধি স্বরূপ : প্রসঙ্গ বাংলা ভাষা . (2013). সাহিত্য পত্রিকা, 50(2-3), ১৮৭-১৯৬. https://doi.org/10.62328/sp.v50i2-3.11

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%