আবুল মনসুর আহমদের ভাষাচিন্তা ও সাহিত্যাদর্শ
Abstract
বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে আবুল মনসুর আহমদের চিন্তাধারা এক ব্যতিক্রমী বৈশিষ্ট্যের অধিকারী। বাংলাদেশের সংস্কৃতিকে তিনি ধর্মের সীমা অতিক্রম করে পশ্চিম- পাকিস্তানিদের থেকে এবং বাঙালিত্বের সীমা অতিক্রম করে পশ্চিম-বাংলা থেকে যেমন স্বতন্ত্র হিসেবে দেখেছিলেন, তেমনি বাংলা ভাষা ও সাহিত্যকেও তিনি সম্পূর্ণ বাংলাদেশি হিসেবে রূপান্তর করতে চেয়েছিলেন। বিভিন্ন প্রবন্ধে-নিবন্ধে, ভাষণ- বক্তৃতায় ও আত্মজীবনীতে এ সম্পর্কে তাঁর ইচ্ছাশক্তির প্রাবল্যের কথা জানা যায়। মোটামুটি বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি পূর্ববাংলা তথা বাংলাদেশের নিজস্বতায় রূপান্তর করতে চেয়েছিলেন, অর্থাৎ প্রতিষ্ঠিত ও প্রচলিত বাংলা ভাষা ও সাহিত্যের রূপকে হিন্দুয়ানি বা পশ্চিমবঙ্গীয় আখ্যা দিয়ে তাকে মুসলমানি বা পূর্ববঙ্গীয় হিসেবে নতুন করে গড়ে তুলতে চেয়েছিলেন। এক্ষেত্রে তিনি সফলকাম হতে পারেননি বা বাংলাদেশের কোনো কবি- সাহিত্যিক-চিন্তাবিদ তাঁর এই আদর্শকে গ্রহণ করেননি। এজন্য তিনি তাঁদের কঠোর সমালোচনাও করেছেন। তিনি অখণ্ড বাংলার ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে দেখাতে চেয়েছেন যে, দুই বাংলার সংস্কৃতি কখনো অভিন্ন ছিল না এবং সে জন্যে ১৯৪৭ সনে বাংলা ভাগ হওয়ার পর সংস্কৃতিগত ভিন্নতার কারণে উভয় অঞ্চলের ভাষা-সাহিত্যও অভিন্ন হতে পারে না। তাঁর মতে – “১৯৪৭ সালের বাটোয়ারায় বাংলার 'আমিত্ব' পড়িয়াছে তৎকালীন পূর্ব-বাংলায়, আজিকার বাংলাদেশে। ঐ সংগে বাংলার জাতীয় আত্মাও আসিয়াছে এখানেই। আজিকার বাংলাদেশই তাই সমগ্র বাংলা।” (মনসুর, ১৯৯৫ : ১৫৪ ) বিভাগ-পূর্ব বাংলার রাজধানী কলকাতা হওয়ায় ও কলকাতাকে কেন্দ্র করেই বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি ঘটায় স্বভাবতই তার নেতৃত্বে ছিল হিন্দুরা এবং সে অঞ্চলের ভাষাই হয়েছিল সাহিত্যের ভাষা, আর সাহিত্যের বিষয়বস্তু হয়েছিল পশ্চিমবঙ্গের জীবনাচরণ অর্থাৎ 'হিন্দুয়ানি সাহিত্য'। কিন্তু দেশ-বিভাগের পরে বাংলাদেশের রাজধানী ঢাকা হওয়ায় এবং ভাষা-সংস্কৃতির দিক থেকে বাংলাদেশ পূর্ব থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হওয়ায় লেখক প্রচলিত বাংলা ভাষা ও সাহিত্যকে পশ্চিমবঙ্গীয় আখ্যা দিয়ে তাকে আর গ্রহণ করতে চাননি। আর সে জায়গায় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন পূর্ববঙ্গীয় ভাষা ও সাহিত্যকে কখনো বাংলাদেশের শিক্ষিত সমাজের অনুমোদন বা সমর্থন লাভ করেনি। এই প্রবন্ধে ঐতিহাসিক প্রেক্ষাপটে আবুল মনসুর আহমদের বাংলাভাষা-চিন্তার স্বাতন্ত্র্য, তাঁর সাহিত্যাদর্শ এবং এসব বিষয়ে প্রাজ্ঞজনের অভিমত আলোচিত হয়েছে।
Downloads
Downloads