জীবনানন্দ দাশের চারটি কবিতা : প্রসঙ্গ শিকার
Abstract
শিকার নিয়ে বাংলা সাহিত্যের সর্বপ্রাচীন উচ্চারণ মেলে চর্যাপদে। চর্যাকার ভুসুকু পা ছিলেন অহেরী বা শিকারী। ব্যাধ জীবনের শিকার অভিজ্ঞতার ছায়াপাত ঘটেছে তাঁর কবিতায়। ভুসুকু রচিত ছয় সংখ্যক চর্যায় যে শিকারের রূপকল্প মেলে, সেখানে হরিণের পদচারণায় গতির ব্যঞ্জনা জেগেছে (তরঙ্গতেঁ হরিণার খুর ন দীসই)। সান্ধ্য ভাষার আড়ালে কবিতায় দার্শনিক উচ্চারণও প্রবল (যেখানে ভুসুকু বলছেন, 'অপনা মাসে হরিণা বৈরি')। অতুলচন্দ্র মজুমদার লিখেছেন, চর্যাকার ভুসুকু এ চর্যায়: চঞ্চল চিত্তকে হরিণের সঙ্গে, জাল দড়ি নিয়ে সাক্ষাৎ যমের মতো ভীষণ শিকারীকে মৃত্যুর সঙ্গে, হরিণের সবচেয়ে বড় শত্রু তার নিজ দেহের মাংসের সঙ্গে মানুষের মনের মদ-মাৎসর্য ইত্যাদি অবিদ্যার, শিকারীর বাণকে সদগুরুর উপদেশের সঙ্গে, আহার জলপানে বিমুখ বিমূঢ় হরিণের সঙ্গে জাগতিক সুখভোগে অনাকাঙ্ক্ষী নিজের চিত্তের, এক বন ছেড়ে অন্য বনে যাওয়ার সঙ্গে কায়াবন ছেড়ে ভব ভয়শূন্য মহাসুখ-কমলবনে বিচরণ করার যে রূপকগুলি কবি রচনা করেছেন, নিঃসন্দেহে কাব্য হিসাবে তা বিশেষভাবে উপভোগ্য (মজুমদার, ১৯৬১: ৪৯)।
আধ্যাত্মিকতাকে অতিক্রম করে এ চর্যায় ভাস্বর হয়ে উঠেছে এক নান্দনিক দৃশ্যকল্প যার প্রতিভাস কালে কালে বাংলা সাহিত্যে বর্ণিত শিকার জগতে অনুরণিত। বাংলা কবিতার শক্তিমান কবি জীবনানন্দ দাশের কবিতার শিকারের জগতও এর বাইরে নয়। চর্যাপদের ঐতিহ্যকে এই কবি প্রগাঢ়ভাবে তাঁর কাব্যাত্মায় বহন করেছেন বলেই তাঁর “ক্যাম্পে” (ধূসর পাণ্ডুলিপি), “শিকার” (বনলতা সেন), “সুন্দরবনের গল্প” (অগ্রন্থিত কবিতা) এবং “সে এক শীতের রাতে” (অপ্রকাশিত পূর্ব কবিতার খসড়া) কবিতা চতুষ্টয়ের শিকার অনুষঙ্গ এবং অরণ্যের রহস্যময়তা যেন চর্যাপদের সেই শিকার জগতেরই নবরূপায়ণ । বর্তমান প্রবন্ধে জীবনানন্দের এই চারটি কবিতার অন্তর্ভুবন, তাদের স্বভাবগত সাযুজ্য- বৈপরীত্য এবং কবিতায় ব্যবহৃত “শিকার” অনুষঙ্গের স্বরূপ উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে। অশ্রুকুমার সিকদার জীবনানন্দের এই চারটি কবিতা নিয়ে একটি কথকতা তৈরি করেছেন যার নাম দিয়েছেন তিনি 'সুন্দর বাদামি হরিণ-এর গল্প।' এই শিরোনাম সংবলিত প্রবন্ধটি পাঠ করলে পাঠক সত্যিই উপলব্ধি করবেন যে জীবনানন্দ দাশ যেন সত্যিকার অর্থেই একটা গল্প বলতে চাইছেন। তবে সেই গল্প শুধু হরিণের নয়, তার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে রাতের রূপসী অরণ্য-সভ্যতা আর মানব অস্তিত্ব এবং নিয়তির ভয়াবহ নির্মমতা।
Downloads
Downloads