প্রথম পার্থ : অস্তিত্বজিজ্ঞাসার মিথিক রূপায়ণ

DOI: https://doi.org/10.62328/sp.v51i1.3
Crossmark

Authors

Abstract

আধুনিক শিল্পীর নিকট মিথ তখনই আদৃত, যখন তা সমকালীন জীবনের সংকট, সংবেদনা ও অস্তিত্ব-ভাবনার প্রতিরূপক হতে সক্ষম। বিরূপ বিশ্বে কিংবা দেশ-কালের সংকটে আধুনিক মানুষ এক ধরনের 'নস্টালজিয়া' থেকে পুরাণের সন্নিকট হয় – মিথ-নির্ভর সাহিত্য নির্মাণে উৎসুক হয়। মূলত, অতীত ও বর্তমান, সমাজ ও ব্যক্তির মধ্যে ক্রমশ ফিকে হয়ে যাওয়া সম্পর্কের মধ্যে সক্রিয় থাকে এক ধরনের আধুনিক ‘নস্টালজিয়া’র সংবেদনা Modern Nostalgia, যা থেকে মানুষ ফিরে তাকায় তার পেছনে, শরণ নেয় মিথ কিংবা পুরাকাহিনীর। রোমন্থন-আক্রান্ত এই আধুনিক মানুষের ফিরে দেখার বিষয়টা অনেকটা বিছানায় শ্বাসরুদ্ধ ডেসডিমোনার প্রতি ওথেলোর ভালোবাসা ও সন্তাপের মতো, যে নিজেই তার জীবনের সবচেয়ে মূল্যবান ও সুন্দর সম্পদকে বিনষ্ট করে ভ্রান্ত সন্দেহের বশে। যান্ত্রিক বিশ্বে মৃতস্বপ্ন নগরীতে আধুনিক জটিল জীবনযাপনের ফলে বর্তমানের প্রতি মানুষের মধ্যে জন্ম নেয়া ঘৃণা এবং তারই শুশ্রূষার জন্য অতীতের প্রতি তৈরি হওয়া নস্টালজিয়া মূলত একই মুদ্রার দুটি ভিন্ন পিঠ।' জেমস জয়েস (১৮৮২-১৯৪১) বিংশ শতাব্দীর প্রাণহীন বিশৃঙ্খল জীবনযাপন, ব্যক্তির সংকট ও একঘেয়ে পরিত্রাণহীন জীবন থেকে নস্টালজিক হয়েছেন প্রাচীন হোমারীয় যুগের প্রতি, যেখানে অন্তত ব্যক্তির সংকট ও সংগ্রামের সার্থকতা ছিল। এলিয়ট (১৮৮৮-১৯৬৫) বিশ্বযুদ্ধোত্তর বাস্তবতায় পোড়োজমি, বন্ধ্যাত্ব আর অন্তঃসারশূন্যতা থেকে বৃষ্টি, উর্বরতা ও ফসল- সম্ভাবনায় মিথাবলম্বী হন তাঁর The Waste Land (১৯২২) কাব্যে। মূলত মিথের জগৎ এইসব আধুনিক মানুষের কাছে কাঙ্ক্ষিত, কারণ তারা শরণহীন। তাদের সামনে কোনো অলৌকিক শক্তি নেই, যার সাধনায় আকাঙ্ক্ষা চরিতার্থ হয় তাদের সমস্ত প্রার্থনা, সকল সংগ্রাম ব্যর্থতায় পর্যবসিত হয় অজস্র প্রতিকূলতার সাথে লড়াই করেও অভীষ্ট মেলে না। এজন্যই এ কালের আধুনিক শিল্পীর নিকট মিথ এক পরমাশ্রয় সমস্ত দুর্বোধ্য যন্ত্রণা ও অপ্রাপ্তি প্রতিস্থাপনের যথার্থ আধার। এলিয়ট বলেন, ‘By losing tradition, we lose our hold on the present.' তাই বর্তমানের বিপন্নতা থেকে মুক্তি পেতে আধুনিক শিল্পী শরণাপন্ন হন মিথের। কারণ, ঐতিহ্য উত্তরাধিকারের সঙ্গে মানসলোকে সংযুক্ত থাকতে পারলে তবেই আধুনিক বিজ্ঞানবহুল যুগে যেখানে যৌথ জীবন ও সমাজ ভেঙে পড়ছে সেখানে বিচ্ছিন্নতা বা অ্যালিয়েনেশ্যেনকে এড়ানো যাবে। এটিই মিথোম্যানিয়া। সেই ঐতিহ্যের বাস্তবমূর্তি আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিতে যা হল ইতিহাস, এবং তার অন্তর্মুখী মানসপ্রতীতি মিলেই গড়ে তোলে ওই মিথোম্যানিয়াকে।

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2013-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

প্রথম পার্থ : অস্তিত্বজিজ্ঞাসার মিথিক রূপায়ণ. (2013). সাহিত্য পত্রিকা, 51(1), ৪৯-৭৪. https://doi.org/10.62328/sp.v51i1.3