নজরুলের গল্পে নারীর অবস্থা ও অবস্থান
Abstract
‘অবস্থা' শব্দের আভিধানিক অর্থ দশা, হাল, ভাব, গতিক। 'অবস্থান' বলতে বোঝায় — বাস, স্থিতি, বাসস্থান বা location । কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) রচিত ছোটগল্পসমূহের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিচার করলে ব্রিটিশ-ভারতের সমাজ-অধিভুক্ত নারীর অবস্থা ও অবস্থান সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। আঙ্গিকগত সুষমা সব গল্পে রক্ষিত না হলেও চরিত্র নির্মাণদক্ষতা শৈলীর ত্রুটি নির্মূলে সহায়ক ভূমিকা পালন করেছে। নারী চরিত্রগুলোর জীবনাচরণ, প্রাপ্তি-অপ্রাপ্তি, দুঃখ-দারিদ্র্য, অধিকার-বঞ্চনার মাধ্যমে নারীর প্রতি সমাজের বিচিত্র মনোভঙ্গি প্রকাশ পেয়েছে। সমকালীন নারীর জীবনভাবনাকে গল্পভাবনায় রূপান্তর করেছেন নজরুল। তৎকালীন আর্থ-সামাজিক অবকাঠামো বিশ্লেষণ করে সামাজিক স্তরবিন্যাসে তিন শ্রেণির নারীর সন্ধান পাওয়া যায় উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। সমাজের প্রতিটি স্তর থেকে নারীর অংশগ্রহণ রয়েছে তাঁর গল্পে। এছাড়া অবস্থানগত দিক থেকে গ্রামীণ, নাগরিক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের নারী চরিত্র নির্বাচন করেছেন তিনি। ভারতবর্ষ, মধ্যপ্রাচ্য, এমনকি আফ্রিকা-ইউরোপ পর্যন্ত তাঁর চেতনা বিস্তার।
Downloads
Downloads