কিত্তনখোলা : ‘ইউরোপীয় নাট্যরীতির উল্টা পথযাত্রা'
Abstract
আধুনিক বাংলা নাটকের ইতিহাসের বয়স দেড়শ বছরের মতো। এই দেড়শ বছরের বাংলা নাটকের জগৎ নিঃসন্দেহে বহুবর্ণিল এবং সমৃদ্ধ। ইতিহাসের এই দীর্ঘ পরিক্রমায় নানা নিরীক্ষা, অনুকরণ-অনুসরণ, স্বকীয়তা আর মৌলিকতার স্বাক্ষর রেখেছেন নানা নাট্যকার। এই সময় পরিসরে বাংলা নাটকে ঘটেছে বিচিত্র পালাবদল। মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩), দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩), গিরিশচন্দ্র ঘোষ (১৮৪৪-১৯১২), মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২), রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১), দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩), নূরুল মোমেন (১৯০৬-১৯৮৯), শম্ভু মিত্র (১৯১৫-১৯৯৭), বিজন ভট্টাচার্য (১৯১৭-১৯৭৮), সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২-১৯৭১), উৎপল দত্ত (১৯২৯- ১৯৯৪), সাঈদ আহমদ (১৯৩১-২০১০)-সহ আরো বহু নাট্যকারের প্রযত্ন-প্রচেষ্টা আর সৃজনশীলতায় ঋদ্ধ হয়েছে বাংলা নাটকের পাটাতন আর পরবর্তী জমিন। বাংলা নাটকের এই ধারাবাহিক ইতিহাসের মধ্যে সেলিম আল দীন (১৯৪৯-২০০৮)-কে তাঁর নাটকের বিষয়, আঙ্গিক আর শিল্পরীতির স্বাতন্ত্র্যের কারণে সহজেই আলাদা করে চেনা যায়। সেলিম আল দীন তাঁর নাট্য-প্রতিভার মূল প্রবণতা অনুযায়ী দেড়শ বছর ধরে গড়ে ওঠা ‘আধুনিক’ বাংলা নাটকের প্রথাকে দুমড়ে-মুচড়ে, ভেঙে-চুরে ফেলেছেন। প্রথাগত পাশ্চাত্য নাট্যরীতিকে তিনি প্রায় অগ্রাহ্য করে, দেশজ শিল্পরীতিকে গ্রহণ করেছেন। নাটকের আঙ্গিক ও শিল্পরীতির বিচারে তিনি ঔপনিবেশিকতার মাদকমুক্ত। আঙ্গিক ও শিল্পরীতির প্রশ্নে ঔপনিবেশিকতার দাসত্বের জোয়াল ঝেড়ে ফেলেই সেলিম আল দীন আধুনিক বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে অনন্য হয়ে উঠেছেন। আলোচ্য প্রবন্ধের প্রথম অংশে বাংলা নাটকের উৎস ও গতি-প্রকৃতি সম্পর্কে প্রচলিত ধারণা এবং এ বিষয়ে সেলিম আল দীনের মতামত সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করা হয়েছে। উদ্দেশ্য, সেলিম আল দীনের নাট্য-প্রবণতা ও অবস্থান স্পষ্ট করা। কারণ ইতিহাস, ইতিহাসের মূল্যায়ন ও ইতিহাসের সঙ্গে তাঁর দ্বন্দ্ব- মিলনের স্বরূপ উদ্ঘাটন ছাড়া সেলিম আল দীনের বিশেষত্ব এবং বাংলা নাটকে তাঁর অবদান স্পষ্ট হবে না। প্রবন্ধের প্রথম অংশে স্পষ্টীকৃত সেলিম আল দীনের নাট্যচিন্তা ও অবস্থানের ভিত্তিতে দ্বিতীয় অংশে তাঁর মৌল প্রবণতার প্রতিনিধিত্বমূলক নাটক কিত্তনখোলা (১৯৮৬)-র আঙ্গিক ও শিল্পরীতির বিশেষত্ব দেখানোর চেষ্টা করা হয়েছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2015 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.