বসন্তকুমারী নাটক : মীর মশাররফ হোসেন
Abstract
মীর মশাররফ হোসেন রচিত ১২৯৪ সালে প্রকাশিত বসন্তকুমারী নাটকের একখানি ‘দ্বিতীয় সংস্করণ' রাজসাহী বরেন্দ্র মিউজিয়মে সংরক্ষিত আছে। এই দ্বিতীয় সংস্করণটি প্রকাশ করেছেন আইনদ্দীন বিশ্বাস। ছাপা হয়েছে ময়মনসিংহ থেকে, চারুচন্দ্র প্রেসে, ম্যানেজার শ্রীউমাকান্ত রক্ষিত কর্তৃক। নাট্যাংশের পৃষ্ঠা সংখ্যা ১১৯, দাম রাখা হয়েছিল আট আনা মাত্র। প্রথম বারের ‘বিজ্ঞাপন'টি এই ‘দ্বিতীয় সংস্করণে' ও পুনর্মুদ্রিত হয়েছে। তা থেকে জানা যায় যে এ বই প্রথম প্রকাশিত হয়েছিল মাঘ মাসে, ১২৭৯ সালে, ১৮৭৩ খৃষ্টাব্দে। সাহিত্য সাধক চরিতমালায় ব্রজেন বাবু এই তারিখই গ্রহণ করেছেন এবং ঐ একই সালের পৌষ মাসে প্রকাশিত ‘গোরাই ব্রীজ বা গৌরী সেতু কাব্যগ্রন্থকে মীর মশাররফ হোসেনের দ্বিতীয় রচনা এবং বসন্তকুমারীকে তৃতীয় গ্ৰন্থ বলে অভিহিত করেছেন। উভয় গ্রন্থের প্রকাশকালের মধ্যে ব্যবধান মাত্র তের দিনের। কিন্তু মুদ্রিত অবস্থায় আত্মপ্রকাশের সনতারিখের সংগে রচনাকালের ধারাবাহিকতার মিল সব সময়ে নাও থাকতে পারে। এমনও হতে পারে যে বসন্তকুমারী পরে ছাপা হলেও লেখা হয়েছিল আগে এবং রচনাকালের ক্রম অনুসারে মীর মশাররফ হোসেনের গ্রন্থসমূহের পরিচয় দান করতে হলে বলা সঙ্গত হবে যে তাঁর প্রথম সৃষ্টি রত্নবর্তী উপন্যাস, ১২৬৭ সালে বা ১৮৬৯ খ্রীষ্টাব্দে। দ্বিতীয় রচনা বসন্ত-কুমারী নাটক, ১৮৭৩ সনে। তৃতীয় গ্রন্থ গোরাই সেতু, কাব্য, ১৮৭৩ সনে। বসন্তকুমারী নাটকের প্রথম সংস্করণের বিজ্ঞাপনে মীর মশাররফ হোসেন নিজেই বলছেন—“আমার অনুরাগ তরুর দ্বিতীয় কুসুম বসন্তকুমারী নাটক প্রস্ফুটিত হইল ।”
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1958 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.